ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি।
অধ্যাপক সুনামিকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া, ঢাবির ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকেও সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে।
আজ রোববার সিন্ডিকেটের সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে যাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তারা ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন।
উপাচার্য সমাবর্তন উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন এবং উপ-কমিটিগুলোকে কার্যক্রম শুরুর আহ্বান জানান। তিনি শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।