ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে।
রোববার (১১ অক্টোবর) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।
জানানো হয়েছে, ২০ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৬ এর মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের আবেদন কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর ২০২৬-এ শেষ হবে।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি এবং এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।