প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক (এলআরএন)কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলআরএন-এর সাথে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহবান জানান। মাহাদি আমিন বলেন, তারেক রহমানের সরকার চাইছে কারিগরি শিক্ষাকে আরো ঢেলে সাজিয়ে গণমুখী করে তুলতে।
উপদেষ্টা উল্লেখ করেন যে, অনেকটা অকার্যকর টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি পর্যায়ে ছেড়ে দিয়ে সরকারের সহায়তায় শিক্ষা বিস্তার করতে হবে। তিনি শিক্ষার্থীদের কর্ম দক্ষতা বৃদ্ধি ও বিদেশী ভাষার উপর দখল বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকের শুরুতে এলআরএন-এর প্রধান নির্বাহী ব্রিটিশ নাগরিক ড. জুহাইব তারিক এলআরএন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন এলআরএন বাংলাদেশ প্রধান শোয়েব চৌধুরী, প্রতিষ্ঠানটির বিজনেজ ডেভেলপমেন্ট ম্যানেজার ভানভীর এইচ রোমেন এবং অপারেশন ম্যানেজার মো আকতার হোসেন।