লেবাননে ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হওয়ার পর ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা দিয়েছে। হামলাকে ইরান চুক্তির চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, "ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে প্রথম পদক্ষেপ হিসেবে এটি করা হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, "যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।"
এদিকে, লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, এসব হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের সোহমোর এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত ও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।
সিডন জেলার কানারিতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতির মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি শিগগিরই সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, "আশা করছি আগামী দু-এক দিনের মধ্যেই রওনা হব। তবে কূটনৈতিক প্রোটোকল বজায় রাখাটা সব সময়ই স্পর্শকাতর।"