জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ দূত ব্রিফিংয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদেরকে দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানো।
শনিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাষ্ট্রদূত চৌধুরী বলেন, ‘রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়। এত দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রাখা কোনো টেকসই সমাধান নয়।’
তিনি উল্লেখ করেন, সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।
রাষ্ট্রদূত আরো বলেন, ‘প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।’
এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনৈতিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টির তাগিদ দেন।