মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে হারমনি ফেস্টিভ্যাল, যেখানে সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরছেন।
ফুলছড়া চা বাগানে অনুষ্ঠিত এই উৎসবটি সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে। তিন দিনের এই আয়োজনের মধ্যে সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পসহ নানা উপকরণের প্রদর্শনী রয়েছে।
আয়োজনটি রোববার রাতে শেষ হবে। মঞ্চে ৭০টির বেশি পরিবেশনা রয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা গান ও নাচের মাধ্যমে নিজেদের সংস্কৃতি উপস্থাপন করছেন।
পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘নিজস্ব ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এ উৎসব সিলেটের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড গত বছর থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও পর্যটন বিকাশের লক্ষ্যে হারমনি ফেস্টিভ্যাল আয়োজন করে আসছে।