দেশের পর্যটন খাতকে আরও উন্নত করতে পর্যটন মন্ত্রণালয় এবং সাংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী জানান, যৌথ কমিটি গঠন করে সাংস্কৃতিক একক নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি বলেন, দুই মন্ত্রণালয় একসঙ্গে কাজ করলে পর্যটন খাত থেকে জিডিপির ৭ থেকে ৮ শতাংশ অর্জন সম্ভব।
এসময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “শুধু পর্যটন দিয়েই অনেক দেশের অর্থনীতি গড়ে উঠেছে।” তিনি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যগুলো বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন।
মন্ত্রী আরও জানান, মাগুরা জেলায় প্রাচীন একটি নগরী আবিষ্কৃত হচ্ছে। দুই মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোকে পর্যটনবান্ধব করে তোলা হবে।
দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।