মালয়েশিয়া মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উদ্যোগটি একটি বড় পুনর্বাসন কর্মসূচির প্রথম ধাপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যে সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে প্রায় ৫ হাজার নাগরিককে ফেরত পাঠানো হবে।
মালয়েশিয়া সরকার জানিয়েছে, শরণার্থীদের সম্মতি নিয়েই তারা এ প্রক্রিয়া শুরু করেছে। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার লুমুত নৌঘাঁটির কাছে একটি স্টেডিয়ামে তাদের বহনকারী বাসগুলো পৌঁছায়।
পরবর্তীতে তাদের বন্দর এলাকায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে জাহাজে করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১ লাখ ৯৩ হাজার মিয়ানমারের শরণার্থী রয়েছে, যার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। তবে মঙ্গলবার ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কোনো রোহিঙ্গা রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এদিকে, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও কয়েকটি মানবাধিকার সংগঠন।