ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি আজ পার্লামেন্টের অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন।
গালিবাফ বলেন, "ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে কেউ তেল বিক্রি করতে পারবে না।" তিনি আরও উল্লেখ করেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
স্পিকার গালিবাফ ইরানি জনগণকে অবরোধ ও হুমকিতে কখনোই ভীত হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, "যদি আমেরিকান শত্রুর হিসাব-নিকাশের যন্ত্র এই মৌলিক সত্যটি বুঝতে না পারে, তবে তারা ইরানি জাতির পক্ষ থেকে কঠোর আঘাত পাওয়ার চক্রেই আটকে থাকবে।"
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এর আগে জানিয়েছিলেন, ৪০ দিনের যুদ্ধের চেয়েও ভয়াবহ কোনো যুদ্ধে জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।