নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার ছেলে রাহুল (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র ঘোষসহ একাধিক মালিকানাধীন একটি পুকুর থেকে মোটর দিয়ে পানি সেচের সময় রাহুল মোটরের বিদ্যুতের তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা অঞ্জনা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।