মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জয়পুরে ছাত্র আন্দোলনে ককরোচ পার্টি নেতার ওপর হামলা

জয়পুরে ছাত্র আন্দোলনে ককরোচ পার্টি নেতার ওপর হামলা, উত্তেজনা ছড়িয়েছে।

জয়পুরে ছাত্র আন্দোলনে ককরোচ পার্টি নেতার ওপর হামলা

ভারতের রাজস্থানের জয়পুরে নিট প্রশ্নফাঁস এবং বেকারত্ব ইস্যুতে চলমান ছাত্র আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছে। শহিদ স্মারক চত্বরের এই আন্দোলন চলাকালে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির প্রতিষ্ঠাতা ছাত্রনেতা অভিজিৎ দিপকে ভিড়ের মধ্যে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যখন সমর্থকেরা তাঁকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিচ্ছিলেন, তখন এক যুবক আচমকা তাঁকে চড় মারেন। এই ঘটনার পর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

সিজেপি দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করছে। জয়পুরে কয়েক শ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী একত্রিত হন এই দাবিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে অভিজিৎ দিপকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর উৎসাহী সমর্থকরা তাঁকে কাঁধে তুলে নেন। সেই সময়েই এক যুবক তাঁকে চড় মারেন, যা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। সিজেপি সমর্থকরা পাল্টা ওই যুবককে ধরে মারধর শুরু করেন।

অভিজিৎ দিপকে এই ঘটনার পর এক্সে লিখেছেন, 'শারিরীক আক্রমণ আসলে ভয়ের লক্ষণ। আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করতে ভয় থেকেই এই হামলা। তবে আমরা পিছু হটব না, শান্তিপূর্ণভাবেই আমাদের লড়াই চালিয়ে যাব।'

জয়পুরের প্রতিবাদ সভায় শিক্ষার্থীদের হাতে দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড ছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানও ওঠে। সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক এবং শান্তিপূর্ণ।

বিজ্ঞাপন