বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। আজ মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ আনা হয়। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুসারে, এস কে সুরের বিরুদ্ধে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করার জন্য নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি ওই বিবরণী দাখিল করেননি।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তী বছর ৪ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আদালত ২০২৫ সালের ৬ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলাটির বিচারকালে ৭ জন সাক্ষীর মধ্যে সকলের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক এবং তিনি তখন থেকে কারাগারে রয়েছেন।