মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে সংসদে আলোচনা ও সমালোচনা হয়েছে।

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তার দুই ছেলের নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। এ বিষয়ে সোমবার সংসদে ২৭৪ বিধিতে ব্যাখ্যা দিয়েছেন প্রতিমন্ত্রী।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকার দুটি উপজেলায় কয়েকটি ইউনিয়ন হয়েছে। সেখানে ওনার পরিবার বা মীর বংশের নামে একটি ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তানের নামে দিগন্ত ও সীমান্ত নামে দুটি ইউনিয়নের নাম করা হয়েছে।'

এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, 'আমার নির্বাচনী এলাকা মোকামতলার দূরবর্তী দুটি ইউনিয়ন সৈয়দপুর ও দেউলী ইউনিয়ন। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক যাচাই-বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি গাবতলী ও সোনাতলা সীমান্তে অবস্থিত হওয়ায় নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে সীমান্ত ইউনিয়ন।'

তিনি আরও জানান, 'দেউলী ইউনিয়ন গাইবান্ধার কাছে অবস্থিত হওয়ায় স্থানীয় প্রশাসন ও জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রাখা হয়েছে দিগন্ত ইউনিয়ন।' পরে জামায়াতের সংসদ সদস্যের উদ্দেশ্যে বিএনপির এই সংসদ সদস্য বলেন, 'এরকম সীমান্ত ও দিগন্ত নামকরণ বহু নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে। উনি কেন এর সাথে আমার সন্তানদের নাম জড়ালেন।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'মিরাক্যালি আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই। আমার সন্তানের নাম হচ্ছে মীর সীমান্ত ও মীর দিগন্ত। যদি আমার ইনটেনশন থাকতো সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করার, তাহলে তো আমি প্রশাসনকে বলতাম মীর সীমান্ত ও মীর দিগন্ত রাখার। কিন্তু ইউনিয়নের নামের আগে তো মীর নাই।'

বিজ্ঞাপন