ভারতের নয়াদিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার ঘটনায় সরকার ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ঘটনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।"
রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর ফলে, তিনি দিল্লি সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
কূটনৈতিক সূত্র জানায়, সফর বাতিলের পর জাহেদ উর রহমান কলম্বো যান এবং সেখান থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। দুপুরে তিনি ঢাকায় পৌঁছান।
জানা গেছে, কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে আগাম অবহিত করার পরও উপদেষ্টাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় দিল্লির বিমানবন্দরে। উচ্চ মহলের নির্দেশে পরে অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন।
জাহেদ উর রহমান আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে যাওয়ার কথা ছিল।