জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের মত একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তিনি আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জি এম কাদের বলেন, "দেশের অর্থনীতিকে বাঁচাতে রাজনৈতিক স্থিতিশীলতা আনার বিকল্প নেই। এত বৃহৎ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।" তিনি সতর্ক করে দেন যে, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার হরণ করে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, বরং পরিস্থিতি আরও নাজুক হবে।
তিনি উল্লেখ করেন, "বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ২ শতাংশ কমবে। এর প্রভাব বাংলাদেশে পড়বে, অথচ বাজেটে এ নিয়ে কোনো আলোচনা নেই।"
জি এম কাদের আরও বলেন, "বর্তমান রাজস্ব আদায় আগামীতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আরও কম হওয়ার আশঙ্কা রয়েছে, যা বাজেট বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।" তিনি দেশের বর্তমান সংকটের কথা উল্লেখ করে বলেন, "এটি অস্বীকার করার সুযোগ কারো নেই। রাজনৈতিক ঐক্য ছাড়া এ সংকট থেকে মুক্তি মিলবে না।"