সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশ পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া এবং শাস্তি নিশ্চিত করতে পারলেই সেটি হবে প্রকৃত অর্জন। গতকাল রোববার রাতে সিলেট সার্কিট হাউজে ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও জানান, বেনজীর আহমেদ ছিলেন একজন মাস্টারমাইন্ড। তিনি দায়িত্বে থাকাকালীন এবং ৫ আগস্টের পরও দেশে অস্থিরতা তৈরির নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
এ সময় ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন ইস্যু নিয়েও মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, 'পুশ-ইন ইস্যুতে সংসদে আলোচনা না করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আলোচনা আমি করে যাবোই।'
মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।