জাতীয় সংসদে বিরোধীদলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ। এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বিএনপিকে সবচেয়ে বেশি গালি দেওয়া হয়, জামায়াতকেও বাদ দেওয়া হয় না। শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বিএনপিও এখন পুরোনো আওয়ামী লীগের কথাগুলো পুনরাবৃত্তি করতে শুরু করেছে। তিনি প্রশ্ন করেন, এই কথাগুলো জপতে জপতে বিএনপি কোথায় গিয়ে পড়বে।
তিনি আরও বলেন, জনগণ এখন এসব কথা শুনতে চায় না। তরুণ সমাজের মনের ভাষা বোঝার চেষ্টা করতে হবে, নইলে ভুল হবে।
বাজেট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সরকার একটি বড় বাজেট ঘোষণা করেছে, কিন্তু এর বাস্তবায়নের দায়িত্ব সরকারের। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ২৯ লাখ কোটি টাকা চুরি করেছে, সেই পথে বিএনপিকে হাঁটতে নিষেধ করেন তিনি।
গণতন্ত্রের মূল দাবি হলো সংখ্যাগরিষ্ঠের রায়কে সম্মান করা। জামায়াতের আমিরের মতে, প্রায় ৭০ শতাংশ জনগণ হ্যাঁ–এর পক্ষে ভোট দিয়েছে, তাই সরকারের উচিত এই গণভোটে উত্থাপিত সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা।