মানবতাবিরোধী অপরাধের অন্তত ২২টি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তবে বর্তমানে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মামলা আলোচনার কেন্দ্রে রয়েছে।
হত্যাকাণ্ডের তদন্তের জন্য বিভিন্ন টেলিভিশন থেকে ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে যাতে একজন অপরাধীও পার না পায়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সুনির্দিষ্ট প্রমাণ জড়ো করতে এবং আওয়ামী লীগের হামলার তথ্য সংগ্রহের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়া, তদন্তে সহায়তা করতে এগিয়ে এসেছেন দুটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও। তারা তথ্য-উপাত্ত প্রদান করছেন। অধিকতর তদন্তের জন্য ট্রাইব্যুনাল থেকে আরও দুই মাস সময় নেয়া হয়েছে।
এদিকে, এই মামলায় গ্রেপ্তার হওয়া সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। তদন্তে ৫৮ জন হত্যার প্রমাণ পাওয়া গেলেও, কেন একাত্তর টিভিতে হতাহত হয়নি বলে প্রচার করা হয়, তা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিলের জন্য গত ৭ জুন আরও দুই মাসের সময় বাড়িয়েছে আদালত। অভিযোগপত্র দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।