জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।
রাশেদ খান লিখেছেন, "হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?" উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে মাসউদ হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও জানান, মাসউদ দাবি করেছেন যে, তার আইনজীবী তাকে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে ভবিষ্যতে ব্যবসাবাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধা হয়। তবে মাসউদ তার স্থাবর সম্পদ নেই বলে দাবি করেছেন, যা তার হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।
গত ১১ আগস্ট, ২০২৫ তারিখে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, "যদি কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দেয়, তবে ভোটের পরেও তদন্ত করা হবে।" তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, সত্যতা মিললে প্রার্থিতা বাতিল হবে এবং সংসদ সদস্য পদ চলে যাবে।
রাশেদ খান বলেন, "হান্নান মাসউদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলে তার সম্পর্কে অতীতে দেওয়া তথ্যের সত্যতা জানা যাবে।" তিনি উল্লেখ করেন, মাসউদ সম্প্রতি দাবি করেছেন যে, তিনি তার সহধর্মিণীর সেমিস্টার ফি মাহবুব ভাইয়ের কাছ থেকে ধার করে দিয়েছেন এবং নতুন বাড়ি করার জন্য ইট কিনেছেন, কিন্তু ৩ লাখ টাকা এখনো বাকি আছে।
রাশেদ খান প্রশ্ন তুলেছেন, "একজন এমপি এত গরীব, এত সৎ! হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি?"