আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গত জাতীয় নির্বাচনের সময় অনুষ্ঠিত গণভোটে 'হ্যাঁ' ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্ত্বরে 'জুলাই গণঅভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়; রাজবন্দীদের অভিজ্ঞতা ও জবানবন্দী' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মঞ্জু বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ। দেশের প্রায় ৭০ ভাগ ভোটার জুলাই সনদে 'হ্যাঁ' এর পক্ষে ভোট দিয়েছেন।' তিনি আরও জানান, 'গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ভোটদাতাদের নিয়ে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠন করা হবে।'
তিনি সরকারের প্রতি আহ্বান জানান জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে। মঞ্জু বলেন, 'জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন আমাদের প্রধান চাওয়া।' এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 'জুলাই কেবল একটি আন্দোলনের নাম নয়; এটি নতুন বাংলাদেশের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক।'
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান মন্তব্য করেন, 'জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না।' বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ছাত্র-জনতার ন্যায়বিচার, গণতন্ত্র ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক।'
আলোচনা সভায় ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাস স্মরণ করার পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দাবি জানানো হয়।