শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর ব্যাখ্যা: বিরোধী এমপির এলাকায় নারী এমপিদের তদারকি

প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী এমপিদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ব্যাখ্যা: বিরোধী এমপির এলাকায় নারী এমপিদের তদারকি

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রশ্ন তোলেন।

মীর আহমাদ বিন কাসেম বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকার দলীয় নারী এমপিদের বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। এই তথ্য থেকে মনে হচ্ছে, বিরোধী দলীয় এমপিদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তাদের কোনো ভূমিকা থাকবে না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আপনি বোধহয় জানেন, আমাদের বা আপনাদের দল থেকে যেসব নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই।” তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক কাঠামোর ভিত্তিতে আমরা দলীয় অবস্থান থেকে তাদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি।”

সরকারপ্রধান বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার নির্বাচনী এলাকায় আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার উন্নয়নের ব্যাপারে কীভাবে ভূমিকা রাখতে চান। কিন্তু যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে, সেহেতু তাদেরও একইরকমভাবে হক আছে।”

তিনি বিরোধী দলের এমপিদের এলাকার উন্নয়নে যদি কোনো সহযোগিতা লাগে, তা জানাতে বলেছেন এবং সরাসরি সহযোগিতার চেষ্টা করবেন বলে আশ্বাস্ত করেন।

বিজ্ঞাপন