শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকারি শূন্য পদ পূরণে নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর

সরকারি শূন্যপদ পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি শূন্য পদ পূরণে নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর

সরকারের কাজের গতি বাড়াতে শিগগিরই চাকরিতে শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে; যেগুলো আরও গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করছে। যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূন্যপদ) নিয়োগ প্রক্রিয়া শুরু করবো ইনশাআল্লাহ।’

বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব ছিল। প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন।

পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তার তারকা চিহ্নিত অপর এক প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘সরকার ৫ লাখ সরকারি কর্মচারি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।’

এছাড়া, প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়ে দেশকে বিনিয়োগবান্ধব করার কথা বলেন। তিনি জানান, দেশীয় বিনিয়োগ উৎসাহিত করতে সুদের হার কমানোসহ নানা বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন