ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন রঞ্জন চন্দ্র (২৬) এবং রেজাকুল ইসলাম (৩২)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
জিজ্ঞাসাবাদের সময় রঞ্জন চন্দ্র ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরি করার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ওই তারটি ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম বিক্রি করেন।
রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে চকবাজার থানার হোসেনী দালান রোডের একটি ভাঙারি গুদামে অভিযান চালিয়ে চুরি হওয়া সম্পূর্ণ তামার তার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। সিটিটিসি তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে এবং মূল হোতাদের শনাক্ত করতে কাজ করছে।