শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আহত ৩ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

দিল্লির মালভিয়া নগরে হোটেলে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক, নিহত ২১ জন।

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আহত ৩ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশ হাইকমিশন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আহত বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং হাইকমিশন আহতদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

এই অগ্নিকাণ্ডটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ওই এলাকায় ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ দগ্ধ রোগীদের দ্রুত সুস্থতার জন্য তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

হাইকমিশন আহত বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে তারা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এই আগুন লাগে, যেখানে নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল।

মালভিয়া নগর প্রধানত আবাসিক এলাকা হিসেবে পরিচিত, যা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে জনপ্রিয়। এখানে ঘনবসতি, প্রচুর দোকানপাট, খাবার হোটেল ও ছোট ছোট আবাসিক হোটেল রয়েছে।

বিজ্ঞাপন