বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা গুরুতর

দিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা গুরুতর।

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা গুরুতর

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (৩ জুন) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়।

দুর্ঘটনার পর ৪০ জনের বেশি মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন লাগার সময় ভবনের ভেতরে ঠিক কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।

বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, আহতদের মধ্যে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুইজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইকমিশন শোক প্রকাশ করে জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আহতদের অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নিহত ও আহতদের মধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে, যারা চিকিৎসার জন্য অথবা চিকিৎসাধীন আত্মীয়-স্বজনদের সঙ্গে ভারতে গিয়েছেন।

উল্লেখ্য, এদিন সকালে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন