বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। বুধবার (৩ জুন) উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ শূন্য রেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করলে স্থানীয়রা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানায়। বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বেড়া দেওয়ার কাজে বাধা দেয়।
এরপর বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বিজিবি ঘটনাস্থলে কঠোর নজরদারি করছে।
এদিকে, সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। একই দিনে ভোরে আহত মহিউদ্দিন ও শাহীনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের দাবি, তারা সীমান্ত এলাকা থেকে ফেরার পথে বিএসএফের গুলির শিকার হন। এতে শাহীন গুলিবিদ্ধ হন হাতে এবং মহিউদ্দিনের পিঠে লাগে গুলি। তবে বিজিবি এখনও বিএসএফের গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেনি।