সংসদ সদস্যদের নিয়ে সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ক একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছে।
স্পীকার আরও উল্লেখ করেন, জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে সংসদ সদস্যরা জনগণের আস্থা অর্জনে কাজ করছেন। কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
তিনি বলেন, প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধির সঠিক ধারণা থাকা আবশ্যক। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে সংসদ সদস্যরা এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই কোর্সের প্রথম গ্রুপে সংসদীয় আসন ১ পঞ্চগড়-১ হতে ধারাবাহিকভাবে ১০৯ বরগুনা-১, ১১১ পটুয়াখালি-১, ১১৬ ভোলা-২, ১১৮ ভোলা-৪ থেকে ১৫০ ময়মনসিংহ-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্যরা এবং সংরক্ষিত নারী আসন ৩০১ মহিলা আসন-১ হতে ৩২৪ মহিলা আসন-২৪ এর নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।