সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
বিনোদন

শাহরুখ-কারিনার নতুন গান 'ড্যাডি কুল' নিয়ে তুমুল আলোচনা

শাহরুখ খান ও কারিনা কাপুরের নতুন গান 'ড্যাডি কুল' প্রকাশের পর শুরু হয়েছে তুমুল আলোচনা।

শাহরুখ-কারিনার নতুন গান 'ড্যাডি কুল' নিয়ে তুমুল আলোচনা

বলিউডের দুই তারকা শাহরুখ খান ও কারিনা কাপুরের রসায়ন নতুন কিছু নয়। এর আগে ‘ডন’, ‘রা-ওয়ান’-সহ একাধিক সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গেছে। এবার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল : কিং ভার্সন’ গানে তাঁরা আবারও হাজির হয়েছেন, যা প্রকাশের পর থেকেই শাহরুখভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

কারিনা কাপুরের ক্যারিয়ারে অতিথি শিল্পী হিসেবে বেশ কয়েকটি সিনেমায় উপস্থিতি রয়েছে। তবে ‘কিং’-এর নতুন গানটি যেন তাঁর আগের সব উপস্থিতির আলোচনাকে ছাড়িয়ে গেছে। অল্প সময়েই শ্রোতা ও দর্শকদের নজর কেড়েছে গানটি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে ‘কিং’ সিনেমার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘তু মিল জায়ে’ গানটি আলোচনায় আসে। সেই রেশ কাটতে না কাটতেই প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল : কিং ভার্সন’।

দুই তারকার এই পুনর্মিলনে ভক্তরা নস্টালজিক হয়ে পড়েছেন। বিশেষ করে কারিনাকে তাঁর গ্ল্যামারাস রূপে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে। গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে শাহরুখ নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বেবোর (কারিনা) সঙ্গে ফিরলাম।’

গানটির সংগীতায়োজনে ফিরিয়ে আনা হয়েছে ১৯৭৬ সালে প্রকাশিত বনি এম-এর জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’। মূল গানের পরিচিত সুর ও কয়েকটি পঙ্‌ক্তির সঙ্গে যুক্ত হয়েছে নতুন সংগীত ও কণ্ঠ। হিন্দি অংশে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানটির কথা লিখেছেন কুমার, সুর ও সংগীত পরিচালনা করেছেন শচিন-জিগর।

গানটিতে কারিনার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। লাল রঙের ডিপ নেক গাউনে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি এবং অভিব্যক্তিতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। কালো পোশাকেও দেখা গেছে তাঁকে। অন্যদিকে, ধূসর চুল ও কালো পোশাকে শাহরুখের নতুন লুকও প্রশংসা পাচ্ছে।

গানটি দেখে অনেকেরই মনে পড়ছে শাহরুখ-কারিনার পুরোনো কাজের কথা। কেউ স্মরণ করছেন ‘ডন’ সিনেমার ‘ইয়ে মেরা দিল’, আবার কারও মনে পড়ছে ‘রা-ওয়ান’-এর ‘ছম্মক ছল্লো’। তবে নতুন গানে এই জুটির উপস্থিতি দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

বনি এম-এর আশির দশকের ডিস্কো আবহ ফিরিয়ে আনা গানটি নিয়ে ইতিমধ্যে উৎসবের আমেজের কথাও বলছেন অনেকে। ভক্তদের ধারণা, বড়দিনের পার্টি থেকে শুরু করে বর্ষবরণের আয়োজনেও জায়গা করে নিতে পারে শাহরুখ-কারিনার এই গান। উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘কিং’ সিনেমার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানসহ আরও অনেকে।

বিজ্ঞাপন