শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ‘ইত্যাদি’ অনুষ্ঠান

জয়পুরহাটে ‘ইত্যাদি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নান্দাইল দিঘির প্রাঙ্গণে।

জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ‘ইত্যাদি’ অনুষ্ঠান

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। কালাই উপজেলার ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র কোলঘেঁষে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছিল মূল মঞ্চ।

সেখানে স্বচ্ছ জলরাশি, প্রাচীন আবহ এবং আলোকসজ্জায় পুরো পরিবেশ এক অনন্য রূপে সেজে ওঠে। অনুষ্ঠানকে ঘিরে পুরো জয়পুরহাটজুড়ে বিরাজ করছিল উৎসবমুখর আবহ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল।

শুটিংয়ের দিন নির্ধারিত সময়ের আগেই দর্শকরা উপস্থিত হয়ে প্রাঙ্গণ কানায়-কানায় পূর্ণ করে। অনুষ্ঠানটি কালাইয়ে আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও হাজারও মানুষ এখানে আসেন। স্থান সংকুলান না হওয়ায় অনেক উৎসাহী মানুষ আশপাশের ভবনের ছাদে, সড়কে এবং গাছের ডালে উঠে অনুষ্ঠানটি উপভোগ করেন।

ফাগুন অডিও ভিশনের মতে, দর্শকদের এই উচ্ছ্বাস ও শৃঙ্খলা প্রমাণ করে যে, ‘ইত্যাদি’ শুধুমাত্র একটি টিভি অনুষ্ঠান নয়, বরং গণমানুষের হৃদয়ের স্পন্দন। এবারের পর্বে তিনটি ভিন্ন আঙ্গিকের গান পরিবেশন করা হয়।

একটিতে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।

এছাড়া জেলা পরিচিতিমূলক নৃত্যগীতেও স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচিত হন। দ্বিতীয় পর্বে তারা স্থানীয় পণ্য নিয়ে নাট্যাংশে অভিনয় করেন।

বরাবরের মতো এই পর্বে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও মানবিক প্রতিবেদনও থাকছে। জয়পুরহাটের কৃষি ও পোল্ট্রিশিল্পের অগ্রযাত্রা এবং বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের অনুপ্রেরণাদায়ক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের শেষে মানবসেবায় নিবেদিতপ্রাণ লেয়াকত আলীর ওপর একটি প্রতিবেদন প্রচারিত হয়, যিনি গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।

বিজ্ঞাপন