শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মাতিয়া বানু শুকুর মরদেহ শহীদ মিনারে, জানাজা জুমার পর

মাতিয়া বানু শুকুরের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে, জানাজা জুমার পর অনুষ্ঠিত হবে।

মাতিয়া বানু শুকুর মরদেহ শহীদ মিনারে, জানাজা জুমার পর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকুরের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেয়া হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে সমাহিত করা হবে, জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

মাতিয়া বানু শুকুর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং কিডনির জটিলতাও ছিল।

গত ২১ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।

মাতিয়া বানু শুকুর ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’।

২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বিজ্ঞাপন