বিশ্বখ্যাত রহস্য-রোমাঞ্চ লেখক আগাথা ক্রিস্টির প্রথম সংস্করণের একগুচ্ছ বই ৪০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাজ্যের নরফোকের ডিস শহরে টিডব্লিউ গেইজ নামক নিলামকারী প্রতিষ্ঠানে এই বিশেষ নিলামের আয়োজন করা হয়।
নিলামে বিক্রি হওয়া বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে ‘মার্ডার ইন মেসোপটেমিয়া’ উপন্যাসটির। এই বইটির স্বাক্ষরযুক্ত প্রথম সংস্করণ ২৮ হাজার পাউন্ডে বিক্রি হয়। এটি ১৯৩৬ সালের ৬ জুলাই প্রথম প্রকাশিত হয়েছিল। নিলামকারী প্রতিষ্ঠানের ইতিহাসে এটি একক কোনো বই বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ দাম।
নিলামে অংশ নেওয়া বইগুলো বিভিন্ন ব্যক্তির সংগ্রহে ছিল, যার মধ্যে ক্যারোলিন ওয়েস্টের বইগুলো উল্লেখযোগ্য। তিনি দাবি করেন, তার দাদা-দাদি ছিলেন আগাথা ক্রিস্টির দীর্ঘদিনের বন্ধু।
বই বিশেষজ্ঞ রব হেনসউড বলেন, বিরল বইয়ের বাজার বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। আগাথা ক্রিস্টির প্রথম সংস্করণের ২৬টি বইয়ের নিলাম ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এর মধ্যে পাঁচটি বই লেখিকার স্বাক্ষরযুক্ত ছিল।
হেনসউডের মতে, সংগ্রহে থাকা প্রতিটি বইয়ের প্রথম সংস্করণের এক হাজারেরও কম কপি এখন টিকে আছে। যুদ্ধের আগের সময়ের আগাথা ক্রিস্টির স্বাক্ষরযুক্ত বই পাওয়া অত্যন্ত বিরল।
ক্যারোলিন ওয়েস্ট জানান, তার দাদা রয়্যাল আর্মি মেডিকেল কর্পসে কাজ করতেন এবং প্রথম বিশ্বযুদ্ধের পর মেসোপটেমিয়ায় আগাথা ক্রিস্টির সঙ্গে তার পরিচয় হয়। বইগুলোর ভেতরে লেখিকার হাতে লেখা বার্তাও রয়েছে, যেখানে তিনি লিখেছেন, ‘আশা করি বইটি আপনাদের ভালো লাগবে।’
আগাথা ক্রিস্টি ১৮৯০ সালে যুক্তরাজ্যের টরকিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত ৮০টিরও বেশি বই লিখেছেন। তিনি বিশ্বের সর্বাধিক বিক্রিত ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম।