ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। গত নয় মাসে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলে ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনকালে এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, গরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, মশা নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মিরপুর ১০ ও মিরপুর ১-এর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
হকারদের পুনর্বাসনে মিরপুর ১ ও দিয়াবাড়িতে দুটি জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার চারটি মাঠে শুরু হবে ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নিয়েছে ডিএনসিসি, যার অংশ হিসেবে হাতিরঝিলে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়।