মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন রোধ এবং তীরবর্তী জনপদ সুরক্ষায় সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম আজ শনিবার বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেড় মাস আগে এই এলাকা পরিদর্শন করার পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে রমজাইপুরে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এখানকার ভাঙন খাড়া প্রকৃতির হওয়ায় জিও ব্যাগ ফেলার পরও তা ধসে পড়ছে। ক্যানেলের বাঁকগুলোর কারণে তীব্র স্রোতের আঘাতে অপর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে।’
তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে। তাদের সমন্বয়ে একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে, যাতে স্থানীয় জনগণ ভাঙনের কবল থেকে মুক্তি পায়। ভাঙনের ফলে মানুষ বেকার ও উদ্বাস্তুতে পরিণত হচ্ছে।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠালে আমরা দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করব।’
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা। পরিদর্শন শেষে তিনি স্থানীয় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।