শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব হত্যার ঘটনায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব হত্যায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যার মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন ৫ আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ সময় ২ আসামি পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।

মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহতের স্ত্রী মাকছুদা ১ সেপ্টেম্বর বন্দর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আসামিদের গ্রেপ্তার করার পর রাজু ও সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, আদালত এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের পর আসামিদের বিরুদ্ধে রায় দেয়। এছাড়া নবী নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী।

বিজ্ঞাপন