মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে তার দুলাভাই সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আসামি সালাউদ্দিন আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাবই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ওইদিন সালাউদ্দিন স্ত্রী রায়না বেগমকে আনতে শ্বশুরবাড়িতে যান।
পরদিন স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সালাউদ্দিন তাকে মারধর শুরু করেন। এ সময় শ্যালিকা মনি বেগম তাকে রক্ষা করতে এগিয়ে যান। তখন সালাউদ্দিন মনি বেগমকে ছুরিকাঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের ভাই মজিদ মিয়া এবং আসামির স্ত্রী রায়না বেগম।