শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এডিবি’র ১৫ কোটি ডলার ঋণে ৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন উন্নয়ন

এডিবি বাংলাদেশের আটটি শহরে পানি ও পয়োনিষ্কাশন উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে।

এডিবি’র ১৫ কোটি ডলার ঋণে ৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন উন্নয়ন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের আটটি দ্রুত বর্ধনশীল শহরে নিরাপদ ও নির্ভরযোগ্য পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও পয়োনিষ্কাশন সুবিধা পাবে।

আজ বৃহস্পতিবার এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’ নামের এই প্রকল্পের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন, চাঁদপুর, গোপালগঞ্জের গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরে সমন্বিত পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা গড়ে তোলা হবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, “নির্ভরযোগ্য পানি ও পয়োনিষ্কাশন সেবা জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহের বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন বা পুনর্বাসন করা হবে, যেখানে নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য বরাদ্দ থাকবে।

এছাড়া সাতটি পানি শোধনাগার সংস্কার করা হবে এবং পানি সরবরাহ ব্যবস্থার নজরদারি ও অপচয় কমাতে ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) গড়ে তোলা হবে। এর ফলে পানি সরবরাহ ব্যবস্থায় অপচয়ের হার ২০২৬ সালের ৫০ শতাংশের বেশি থেকে কমিয়ে ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে এবং এর মাধ্যমে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি, পরিচালনাগত ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। এডিবি নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, সেবাদানকারী সংস্থার সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে পৃথকভাবে ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে।

বিজ্ঞাপন