প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রাণীসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের একটি প্রধান শক্তিতে পরিণত হবে। তিনি বলেন, স্বনির্ভর প্রাণীসম্পদ খাত গঠনের জন্য খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তরিত করতে হলে সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবা খামারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে সরকার। প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞান ভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার জন্য সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, খামারিরা প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। খামার সম্প্রসারণে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
তারেক রহমান বলেন, পুষ্টির নিরাপত্তা ও মেধা সমৃদ্ধ জাতি গঠনে সরকার কাজ করছে, যেখানে প্রাণিজ আমিষ একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। এসময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।