বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম (হ্যাচিং এগ) রপ্তানি করেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি।

দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান দেওয়ার পাশাপাশি এ খাত দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগণের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ ও মানসম্মত খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন হলে প্রাণিসম্পদ খাতে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে। তিনি স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগের কথাও উল্লেখ করেন।

দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানিকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে যথাযথ নিয়ম মেনে আরও অনেক অপ্রচলিত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। এ খাত এখন আর কেবল গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।

আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন