দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সুপার ষ্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পুরস্কার অর্জন করেছেন। তিনি ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এই সম্মাননা পান।
এই পুরস্কারটি বার্ষিক ব্যবসায়িক আয় ১,৫০০ কোটি থেকে ২,০০০ কোটি টাকা ক্যাটাগরিতে প্রদান করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতিবছর দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ নির্বাহীদের অসামান্য নেতৃত্ব ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
হারুন অর রশিদ সুপার ষ্টার গ্রুপের ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং দেশের বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় করার জন্য তাঁর দূরদর্শী নেতৃত্ব ও কৌশলগত ভূমিকার জন্য এই পুরস্কার অর্জন করেন।