বাংলাদেশ সরকার বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে কাজ করবেন।
কর্মীদের জন্য ২ বছরের নবায়নযোগ্য চুক্তি, আবাসন ও চিকিৎসার সুবিধা প্রদান করা হবে। নিয়োগকর্তা পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও বিমান টিকিটসহ সমস্ত খরচ বহন করবে, যার ফলে প্রত্যেক কর্মী প্রায় ২ লাখ টাকা সাশ্রয় করবেন।
৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে ই-লটারি ও নিয়োগকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জন কর্মী নির্বাচিত হন। মোহাম্মদ রাশেদুল হক আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, বোয়েসেলের নামে কেউ টাকা চাইলে তা প্রতারণা। সকলকে কোনো টাকা না দিতে অনুরোধ জানানো হয়।