শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শ্রমিক-মালিকের সহযোগিতায় মজুরি নির্ধারণ সম্পন্ন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী জানান, শ্রমিক-মালিকের সদিচ্ছায় মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে।

শ্রমিক-মালিকের সহযোগিতায় মজুরি নির্ধারণ সম্পন্ন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষের সদিচ্ছার কারণে অল্প সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং মালিকপক্ষও সমাধানের জন্য চিন্তা করেছেন। তিনি উভয় পক্ষের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং শ্রমিক ও মালিকের সমন্বয়ে একটি সুন্দর সমাধান চেয়েছেন।

মাহ্দী আমিন জানান, পোশাক শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা হয়েছে। চতুর্থ গ্রেডের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, গত তিন বছরে গ্রেডভেদে শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বেড়েছে এবং শ্রমিকরা মাসে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

মাহ্দী আমিন বলেন, নতুন মজুরি কাঠামো নির্ধারণে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা উল্লেখ করে তিনি জানান, শ্রমঘন এলাকায় ভর্তুকি মূল্যে চাল বিক্রির কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রমিকদের জন্য আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে নতুন মজুরি কাঠামোকে আরও অর্থবহ করা হবে।

বিজ্ঞাপন