থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে। সংস্থাটি ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর সিলভার ক্যাটাগরিতে এবং ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারের রুবি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস পুরস্কার দুটি গ্রহণ করেন। চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে, এবং উভয় ক্যাটাগরিতেই সম্মাননা অর্জন করেছে।
বাফুফের ধারাবাহিক কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালে ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। ফলে টানা দুই বছর এএফসির গ্রাসরুটস ফুটবলে স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ।
এ পুরস্কারের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও সাফল্য মূল্যায়ন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এই মূল্যায়নের আওতায় আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়ন, কোচিং ও রেফারিং কোর্স, নারী ফুটবলের অগ্রগতি, সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ এবং বিভিন্ন ফুটবল আয়োজন ও কার্যক্রম বিবেচনা করা হয়।
এএফসির এই দুটি সম্মাননা বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন পর্যায়ে ফুটবলের উন্নয়ন এবং একটি টেকসই ফুটবল কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বাফুফের চলমান প্রচেষ্টায় এ স্বীকৃতি নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।