শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় প্রবেশের প্রত্যাশায় প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।
নিয়োগনীতির পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং বয়সসীমার কারণে অনেকের শিক্ষক হওয়ার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের উদ্যোগকে দীর্ঘদিনের বঞ্চনা নিরসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
শিক্ষক নিবন্ধন সনদ অর্জনকারী প্রার্থীদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা এখন সময়ের দাবি। নিবন্ধন সনদটি একজন প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান ও শিক্ষকতার উপযুক্ততা যাচাইয়ের একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ফল।
প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগের ক্ষেত্রে আইনি ও প্রশাসনিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকের বয়সসীমা অতিক্রম করেছে, ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হারিয়েছেন।
সরকার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে পারে, যাতে বয়সসীমাজনিত জটিলতায় আটকে থাকা যোগ্য প্রার্থীদের জন্য একটি ন্যায়সংগত সমাধানের পথ তৈরি হয়।
শিক্ষকদের জন্য প্রয়োজন বিষয়জ্ঞান, আন্তরিকতা, দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধ। নিবন্ধনধারীদের অনেকেই দীর্ঘদিন ধরে নিজেদের দক্ষতা সমৃদ্ধ করেছেন।
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৭০ হাজার পদে শিক্ষক সংকট বিদ্যমান। এখনই এনটিআরসিএর মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগের উদ্যোগ নেওয়া হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সংকট কমবে।