বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে, মাদরাসা ছাত্র সাদিক হত্যা মামলা

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সাদিক হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে, মাদরাসা ছাত্র সাদিক হত্যা মামলা

শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মাদরাসা ছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

এদিন নাহিদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়, তবে আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, মামলায় আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি।

বিচারক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার রাতের দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাদরাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করা হয়।

নুরুল ইসলাম নাহিদ ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং ১০ বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন