রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

পাকিস্তান ১-০ গোলে বাংলাদেশকে হারিয়ে সাফ ফাইনালে।

বাংলাদেশকে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন আব্দুল সামাদ।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। ম্যাচের শুরুর দিকে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। পাকিস্তানও চেষ্টা করে পালটা আক্রমণের, তবে লক্ষ্যভেদ করতে পারেনি কেউই।

ম্যাচের ২২তম মিনিটে প্রায় নিশ্চিত গোল বঞ্চিত হয় বাংলাদেশ। বারপোস্টে বল লেগে ফিরে আসলে লিড পেতে ব্যর্থ হয় স্বাগতিকরা। কিছুক্ষণ পর সামাদের শটও গিয়ে লাগে বারপোস্টে। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। তবে বেশ কয়েকটি সুযোগ মিস করে লাল-সবুজরা। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে সামাদের গোলে ডেডলক ভাঙে পাকিস্তান।

স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা। লিড পায় পাকিস্তান। শেষদিকে বাংলাদেশ আরও কয়েকটি আক্রমণের পসরা সাজায়, তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় স্বাগতিক ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। এর আগে, প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মোকাবিলা করবে ভারত। রাত ৮টায় শুরু হবে খেলা।

বিজ্ঞাপন