কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় এই মামলা করেন নুসরাত তাবাসসুম।
মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয় রয়েছেন।
এছাড়া, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামও মামলায় আসামি হয়েছেন।
নুসরাত তাবাসসুম অভিযোগ করেছেন, বুধবার রাতে তার পৈতৃক বাড়িতে আগুন লাগানো হয়। তিনি দাবি করেছেন, পরিবারের সদস্যসহ বাড়িতে বসবাসরত ব্যক্তিদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
মামলার এজাহারে অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।