মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে বিল আসতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, "আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।" সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপনের আগে এ মন্তব্য করেন।
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ডেপুটি স্পিকার মন্ত্রীর উদ্দেশে বলেন, "এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। প্রায় চার মাস আগে।"
তিনি উল্লেখ করেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি বিল উত্থাপনের ৭ দিন আগে নোটিশ দিতে হয়, এবং বেসরকারি বিলের জন্য ১৫ দিন আগে নোটিশ প্রয়োজন। তবে, স্পিকার চাইলে সময় বাড়াতে পারেন। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি ৪ নভেম্বর সংসদে আসে।
ডেপুটি স্পিকার বলেন, "এই চার মাসে, আপনার এক্সিকিউটিভের পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে আসল?" তিনি আরও বলেন, "আপনারা সময়মতো বিলটা পাঠান না, যার কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।"
মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তী সময়ে সতর্ক থাকবেন দয়া করে। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।"
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে বিলটি সংসদে তোলেন। বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে সিটি করপোরেশন এলাকা-সংলগ্ন যেসব এলাকা নির্ধারণ করবে, সেসব এলাকা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে।
এছাড়া, ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে এই কর্তৃপক্ষ। এজন্য ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং সংশ্লিষ্ট সব তথ্য, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে পারবে। অপরিকল্পিত, অপ্রশস্ত সড়ক ও এলাকার ভূমি পুনঃ উন্নয়ন এবং ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে।