হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের কারণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আজ রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এ তথ্য জানায়।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে উল্লেখ করে যে, ‘নিয়ম লঙ্ঘনকারী দুটি ট্যাংকার—একটি হরমুজ প্রণালির পূর্ব অংশে এবং অন্যটি প্রণালীর ভেতরে—অননুমোদিত রুট দিয়ে চলাচল করার সময় নৌ-মাইনের আঘাতে আগুন ধরে যায়। জাহাজ দুটি দাউদাউ করে জ্বলছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ট্যাংকার দুটি একাধিক নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে অননুমোদিত রুটে চলাচলের সময় জাহাজগুলোর নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা উল্লেখযোগ্য।
তবে, ট্যাংকারগুলোর নাম বা কোন দেশের পতাকাবাহী সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি বিপ্লবী গার্ড বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে আগুন লাগার ঘটনা সম্পর্কে তেহরান একাধিকবার বিবৃতি দিয়েছে।