ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সহায়তায় ইরান ও লেবাননের হিজবুল্লাহ ২১ জন সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ মঙ্গলবার (৩ নভেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে তোলা হয়।
ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম হাইদান জানান, এই বিদেশি সামরিক বিশেষজ্ঞদের মধ্যে ১৪ জন ইরানের আইআরজিসির এবং ৭ জন হিজবুল্লাহর সদস্য। তারা ইয়েমেনের ছয়টি ভিন্ন ভিন্ন প্রদেশে অবস্থান করছেন এবং সামরিক কার্যক্রম পরিচালনা করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই বিশেষজ্ঞরা হোদেইদাহ, সানা, সাদা, হাজ্জাহ, আমরান এবং আল-খাওখাহ প্রদেশে নিজেদের ঘাঁটি গেড়েছেন। সেখানে তারা সামরিক অভিযান পরিকল্পনা এবং অত্যাধুনিক অস্ত্র তৈরির কাজে নিযুক্ত রয়েছেন।
এই বিশেষজ্ঞরা আধুনিক সামরিক প্রযুক্তিতে বিশেষজ্ঞ এবং তাদের কাজের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা।
হাইদান আরও অভিযোগ করেন, তারা বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু নির্ধারণ ও সামুদ্রিক অভিযানের সমন্বয় করছেন। এছাড়া, বিস্ফোরক বোট ও স্বয়ংক্রিয় সাবমেরিন তৈরির পাশাপাশি মাইন স্থাপন এবং শহুরে যুদ্ধের কৌশল নিয়ে হুতি যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছেন।