রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানি বিশেষজ্ঞরা ইয়েমেনে রাডার ও সুড়ঙ্গ নির্মাণে সহায়তা করছে

ইরানি বিশেষজ্ঞরা ইয়েমেনে রাডার স্থাপন ও সুড়ঙ্গ খননের কাজ পরিদর্শন করেছেন, সংঘর্ষ তীব্র হয়েছে।

ইরানি বিশেষজ্ঞরা ইয়েমেনে রাডার ও সুড়ঙ্গ নির্মাণে সহায়তা করছে

ইয়েমেনের বাব এল-মান্দেব প্রণালি এলাকায় রাডার স্থাপন ও পাহাড়ি এলাকায় সুড়ঙ্গ খননের কাজ পরিদর্শন করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট দুই সামরিক সূত্র।

সূত্রগুলো জানায়, হুতিদের সঙ্গে কাজ করা ইরানি বিশেষজ্ঞরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের মোখা বন্দর ও বিমানবন্দর এবং শহরটির পূর্বে অবস্থিত জাবাল আল-নার সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় তারা বাব এল-মান্দেবের কাছাকাছি এলাকায় সামরিক অবকাঠামো গড়ে তোলার বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

ইরানি বিশেষজ্ঞরা মোখা ও বাব এল-মান্দেবের দিকে নজর রাখা পাহাড়ি এলাকাগুলোতে সুড়ঙ্গ খননের কাজ পরিদর্শন করেন এবং মোখার আশপাশে রাডার স্থাপনের প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, হুতি নিয়ন্ত্রিত হোদেইদা থেকে ওই ইরানি বিশেষজ্ঞরা বাব এল-মান্দেব এলাকায় যান।

এদিকে, ইয়েমেনের সরকারি সূত্রগুলো জানিয়েছে, বাব এল-মান্দেবের দিকে নজর রাখা কাহবুব পার্বত্য এলাকায় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে, গত জুলাই থেকে ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে।

স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লোহিত সাগরের দিকে নজর রাখা পাহাড়গুলোতে রাডার স্থাপনের কাজ শুরু করেছে হুতিরা। ইয়েমেনের পশ্চিম উপকূলের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইরানি সামরিক সরঞ্জাম পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে।

সূত্রগুলো জানায়, সোমালিয়া উপকূল থেকে এসব সরঞ্জাম আনা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে হুতিরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেনি সামরিক সূত্রগুলো জানায়, দক্ষিণ লোহিত সাগরের দিকে মুখ করে থাকা পাহাড়ি চূড়াগুলোতে রাডার ব্যবস্থা স্থাপন করছে হুতিরা। ইয়েমেনের পশ্চিম উপকূলের বেশ কিছু কৌশলগত এলাকা দখলে নেওয়ার পর এসব পাহাড়ি এলাকায় সামরিক অবস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। উপজাতীয় যোদ্ধাদের সহযোগিতায় সরকারি বাহিনী শুক্রবার হুতিদের দখলে চলে যাওয়া কয়েকটি অবস্থান পুনর্দখল করতে সক্ষম হয়েছে।

বাব এল-মান্দেবের দিকে নজর রাখা কাহবুব পাহাড় এলাকাতেও তীব্র লড়াই চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণে নিয়ে সেখানে সামরিক ঘাঁটি ও অবস্থান গড়ে তুলতে চাইছে হুতিরা।

বিজ্ঞাপন